তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশে বাবুর লাশ পড়েছিল। আজ শনিবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
বাবু শেখের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন বলে তাঁরা জানেন। চার দিন আগে বাবু তাঁর স্ত্রীকে কাজে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বাবু যাঁদের সঙ্গে কাজে যান, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল। একদিন পর তাঁদের একজন ফোন করে জানান, তানোরে বিদ্যুতায়িত হয়ে বাবুর মৃত্যু হয়েছে। লাশ মাঠের মধ্যেই পড়ে আছে।
এই খবর শুনে গত বৃহস্পতিবার তানোরে গিয়েছিলেন। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁরা বাবুর লাশের কোনো সন্ধান পাননি। পরে পুলিশকে তাঁরা নিজেদের ফোন নম্বর দিয়ে এসেছিলেন। আজ সকালে পুলিশ ফোন করে বাবুর লাশ পাওয়ার কথা জানায়। পুলিশ তাঁদের ছবিও পাঠিয়েছে। ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে এটি বাবুরই মরদেহ।
তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, লাশের সুরতহাল প্রস্তুতের সময় শরীরে কোনো আঘাত বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

দৈনিক টার্গেট 






















