আজ শুক্রবার সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ও কালীগঞ্জ উপজেলার চাপারহাটে এসব আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে প্রথমে ভেলাবাড়ি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি। পরে কালীগঞ্জ উপজেলার চাপারহাটেও আনন্দ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফর করবেন তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন গ্রাম ও শহরে আনন্দ মিছিল করছেন দলটির নেতা কর্মীরা।
আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন লালমনিরহাটের মানুষ। প্রিয় নেতার আগমন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হবে।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন। সফরকালে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাট মডেল খাল ও দুর্যোগ সহনীয় ঘরের উদ্বোধন করবেন। পরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

দৈনিক টার্গেট 





















