বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি টাকা বা ১২ দশমিক ৯৪ শতাংশ। এ সময়ে মেয়াদি আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৬৫২ কোটি টাকা এবং চলতি আমানত বেড়ে হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৭৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে ১৭ লাখ ১৯ হাজার ৮৯ কোটি টাকা এবং ১ লাখ ৯৫ হাজার ৬৫৪ কোটি টাকা।
আবার মাসভিত্তিক হিসাবেও আমানত বেড়েছে। গত আগস্টে ব্যাংক খাতে মোট আমানত ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি টাকা। সেই হিসাবে সেপ্টেম্বরের হিসাবে আমানত বেড়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা।
তবে আমানতের বিপরীতে ঋণপ্রবাহের চিত্র উল্টো। এই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ০৯ শতাংশে। ব্যবসায়ীদের মতে, উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ভ্যাট-করসংক্রান্ত জটিলতা নতুন বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের উদ্বেগ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসা সম্প্রসারণের নতুন পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন অনেকে।
যদিও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক গত ৩০ জুলাই নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করে দিয়েছে। তবে ঋণের চাহিদায় এর ইতিবাচক প্রভাব পড়েনি।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে ব্যবসা করার মতো অনুকূল পরিবেশ নেই। সরকারের পক্ষ থেকে বার্তা পাওয়া গেছে, ২০৩০ সালের আগে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না। এ ছাড়া নানা বাস্তবিক কারণেও বর্তমান পরিবেশকে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের জন্য নিরাপদ মনে করছেন না।
এদিকে মানুষের হাতে নগদ অর্থ রাখার প্রবণতায়ও কিছুটা পরিবর্তন এসেছে। সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ১৩ দশমিক ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ১১ হাজার ৬৫ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে যা ছিল ২ লাখ ৭৪ হাজার ৭২৪ কোটি টাকা।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আমানত বাড়া ইতিবাচক হলেও বিনিয়োগের পরিবেশ উন্নত করা জরুরি। উদ্যোক্তাদের আস্থা ফেরানো ও নীতিগত অনিশ্চয়তা কমিয়ে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে না পারলে বাড়তি আমানত অর্থনীতিতে গতি আনবে না।

দৈনিক টার্গেট 
























