গুজরাটের কচ্ছ জেলার ভুজ-খাভদা জাতীয় সড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং তিনটি শিশু রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স মাত্র তিন মাস। তাঁরা সবাই ভুজে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের পরিবারের সদস্য ছিলেন।
কচ্ছ পশ্চিম পুলিশ কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা ভুজ থেকে কচ্ছের রণ ভ্রমণ শেষে ফিরছিলেন। পথে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে তাঁদের গাড়িটির প্রচণ্ড সংঘর্ষ হয়।
সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি দ্বিখণ্ডিত হয়ে দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা সাত আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা যান। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ধাতব অংশ কেটে মরদেহগুলো উদ্ধার করতে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টা সময় লাগে।
দুর্ঘটনার খবর পেয়ে জেলার পুলিশ সুপার বিকাশ সুন্দা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
অন্যদিকে, গতকাল দিবাগত গভীর রাতে রাজস্থানের কোটায় অপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা ওই পরিবারটি রাজস্থানের খাটু শ্যাম মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। পথে কোটা-উদয়পুর জাতীয় সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাঁদের ‘ফোর্স ক্রুজার’ গাড়িটি সজোরে ধাক্কা দেয়।
গাড়িটিতে পরিবারটির মোট ১৫ জন সদস্য ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক টার্গেট 
























