দোহায় গতবার রাইজিং স্টার্স এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। সেবার বাংলাদেশ-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয়েছিল। এবার সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে হওয়া টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবে এই দুই দল। রাউন্ড আলাদা হলেও প্রতিশোধ তো প্রতিশোধই। বাংলাদেশ সময় বেলা চারটায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। তবে প্রতিশোধ নেওয়া কি এতটাই সহজ? বিশেষ করে বাংলাদেশ দলের যখন এমন বাজে অবস্থা, তখন এই কথাটা তো ওঠেই।
রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলটা মূলত জাতীয় দলের মোড়কেই ভিন্ন আরেক দল। এখানে ৩৬ বছর বয়সী সাব্বির রহমান আছেন। খেলেছেন ৩০ পেরোনো ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেনরাও। কিন্তু তাঁদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাব্বির ২ ইনিংস ব্যাটিং করে ৩১ রান করেছেন। সাইফউদ্দিন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ২৮ রান। কিন্তু আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলেও দলকে জিতিয়ে আসতে পারেননি সাইফউদ্দিন। বিপদের মুহূর্তে ডাউন দ্য উইকেটে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। টেলএন্ডার ব্যাটার ইকবাল হোসেন ইমন ৭ বলে ১১ রানের ক্যামিও ইনিংস না খেললে বাংলাদেশের বিদায়ঘন্টা বেজে যেত গ্রুপ পর্বেই।
ব্যাটিংয়ে যেমন সাইফউদ্দিন ব্যর্থ, বোলিংটাও হচ্ছে না আশানুরূপ। মাত্র ১ উইকেট নিয়েছেন। চোটে পড়ায় মাত্র ২ ম্যাচেই শেষ হয়ে যায় তাঁর ক্যারিয়ার। তাছাড়া আফিফ এক ম্যাচ ব্যাটিং করেও রানের খাতা খুলতে পারেননি। তাছাড়া আচমকা ব্যাটিং ধস, দায়িত্বজ্ঞানহীন শটে বাংলাদেশের ব্যাটারদের উইকেট বিলিয়ে দেওয়ার ‘রোগ’ খুবই পরিচিত। আফগানিস্তানের বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতেই বাংলাদেশের ৯ উইকেট পড়ে গেছে। ওপেনার সাইফ হাসান ইনিংসের প্রথম ওভারে ছক্কা মারতে গিয়ে সীমানার ধারে ক্যাচ দিয়েছেন। রানের খাতাই খুলতে পারেননি।
হংকং, আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের সামনে যখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য, তখন ঘটে আরও এক বিপর্যয়। টস জিতে আগে ব্যাটিং নেওয়া বাংলাদেশের স্কোর একটা পর্যায়ে ছিল ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৫ রান। কিন্তু যখনই বড় স্কোর গড়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে বাংলাদেশের ইনিংস। ৯০ রানে ১০ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা ১৬৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে।
টুর্নামেন্টে বাংলাদেশের বোলাররা ভরসার জায়গা তৈরি করে ফেলেছেন। পেসার ইকবাল নিয়েছেন ৫ উইকেট। তিনটি করে উইকেট পেয়েছেন রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, সাইফ ও রাকিবুল হাসান। কিন্তু ব্যাটাররা যদি ভালো পুঁজি না এনে দিতে পারেন, বোলাররা আর কী করবেন! বিপরীতে পাকিস্তান ‘এ’ গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে। যার মধ্যে রয়েছে ভারত ‘এ’ দলের বিপক্ষে। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সেরা দশে পাকিস্তানের কেউ না থাকলেও হাসান নাওয়াজের অলরাউন্ড পারফরম্যান্স ভরসা জোগাচ্ছে দলকে। ১১৪ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। টপ অর্ডার ব্যাটার মাজ সাদাকাত করেছেন ১২৫ রান। বাঁহাতের ঘূর্ণিতে একটা উইকেটও পেয়েছেন।

দৈনিক টার্গেট 



























