নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মানারকান্দি গ্রামে গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরদিন শিশুর দাদি কোকিলা খাতুন অভিযুক্ত প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০), তাঁর ছেলে এমরান (৩২) এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
আহত শিশু ওমর ফারুক মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাঁর পরিবারের শিশুরা প্রায়ই ওমর ফারুককে মারধর করত। বিষয়টি দাদিকে জানালে কোকিলা খাতুন এর প্রতিবাদ করেন। গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধরের শিকার হয় ওমর ফারুক। পরে নাতিকে সঙ্গে নিয়ে তাইজ উদ্দিনের বাড়িতে গিয়ে এ ঘটনার বিচার চান কোকিলা খাতুন।
অভিযোগে বলা হয়, বিচার চেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন, তাঁর ছেলে এমরানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কোকিলা খাতুনের ওপর হামলা করেন। দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে তাঁর কপালের ডান পাশে গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন কোকিলা খাতুন ও তাঁর নাতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে তাঁর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর ওই দিনই মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট 
























