আজ শনিবার সকাল সাড়ে ৬টায় কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। শহরতলির বড়পুল এলাকা ঘুরে দৌড়টি আবার হাসপাতালের সামনে এসে শেষ হয়। এতে সাত শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন। তাঁদের অধিকাংশই সফলভাবে ৭ কিলোমিটারের দৌড় সম্পন্ন করেন।
ম্যারাথন শেষে ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার বিকল্প নেই। শুধু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাই নন, সুস্থ থাকতে সব বয়সী মানুষের শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। এ জন্য নিজের শরীরের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

দৈনিক টার্গেট 























