বিজিবি জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি জেলে। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে রাখাইনে নিয়ে যায়। এরপর তাঁদের আরাকান আর্মির নিয়ন্ত্রিত বিভিন্ন স্থান ও কারাগারে রাখা হয়।
আটক জেলেদের পরিবারের দুর্ভোগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ৪১ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
ফেরত আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘নানাভাবে তৎপরতা চালিয়ে মিয়ানমারে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ ধরার পর ফেরার পথে আটক হয়েছিলেন।’
বিজিবি জানায়, চলতি বছরে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক টার্গেট 

























