গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

ঢাকাদেশজুড়ে

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহাবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবুল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের বাসিন্দা। তার বাবা রশিদ মিয়া একজন কৃষক।

শাহাবুলের ভাই শামীম জানান, “আমরা ট্রাকে মাল নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ গুলিস্তানের জিরো পয়েন্টে ট্রাকটি বন্ধ হয়ে যায়। তখন শাহাবুল নেমে ট্রাকের পেছনে যাচ্ছিল, এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।”

দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”

এ দুর্ঘটনা ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালককে শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ তদন্ত করে দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।