প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বনানী থানার টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলেও হামলাকারীদের থামাতে পারেনি। পুলিশের সামনেই রেস্তোরাঁর বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়।
ঘটনার বর্ণনা দিয়ে দূরবীন বাংলার কর্ণধার সাফিন বেগ বলেন, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় আসেন। একটি চেয়ার খালি হলে তিনি সেখানে বসে পড়েন। অথচ ওই জায়গায় বসার জন্য আগে থেকেই একটি পরিবার অপেক্ষা করছিল। এ নিয়ে ওই পরিবারের সঙ্গে তরুণের বাগ্বিতণ্ডা হয়।
সাফিন বেগ বলেন, ‘এ সময় আমাদের একজন কর্মী বিষয়টি মিটমাট করতে যান। তরুণটি সম্ভবত শিক্ষার্থী এটা বুঝতে পেরে তাঁকে অন্য একটি জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন কর্মী। কিন্তু এতেই তিনি ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।’
সাফিন বেগ আরও বলেন, ‘কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের কর্মী খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে।’
ঘটনাস্থলে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, প্রথমে কয়েকজন তরুণ রেস্তোরাঁর কর্মীকে মারধর শুরু করেন। এ সময় ধস্তাধস্তিতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় বলে তাঁর ধারণা। এরপর তাঁরা এক থেকে দেড় শ তরুণকে ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।
ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। রুহুল কবীর খান বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ আছে। আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে খুঁজে বের করার কাজ করছি।’ তিনি রেস্তোরাঁর মালিক সাফিন বেগকে যত দ্রুত সম্ভব রেস্তোরাঁটি খুলে দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সেখানে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।

দৈনিক টার্গেট 




















