গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর ওই দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের জেঠাইল গ্রামের শিক্ষক সুলতান প্রামানিকের বাসায়।
সুলতান প্রামানিক জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
শিক্ষক সুলতান প্রামানিক জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাসায় তালা দিয়ে বিদ্যালয়ে চলে যান। এরপর দুপুরে খাবারের জন্য বাসায় এসে দেখেন বাসার ভেতরে আলমারি ভাঙা এবং অন্যান্য আসবাবপত্র এলোমেলো হয়ে আছে। তিনি জানান, চোরেরা বাসার দক্ষিণ পাশে বেলকুনির গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এরপর বাসার রুমের ভেতরে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণের এবং ৮ ভরি রুপার বিভিন্ন গহনা ও নগদ সাড়ে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
সুলতান প্রামানিক আরও জানান, তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বগুড়ায় থাকেন এবং তিনি গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি বুধবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, শিক্ষকের বাসায় স্বর্ণালংকার ও রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট 























