শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।
নিহতের স্বজন তানজিম আহমেদ পুষ্প জানান, বাবাকে পিটিয়ে হত্যার পর আনোয়ার আত্মগোপনে ছিলেন। পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। গতকাল রাত ১০টার দিকে আনোয়ার এক প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিতে যান। তাঁকে দেখে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে নেশার টাকা এবং পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ছেলে আনোয়ারের। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরবর্তীকালে নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

দৈনিক টার্গেট 



























