আজ শনিবার দুপুরে পুলিশ তাদের আদালতে পাঠায়। পরে বিকেলে পৃথক শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শিশু আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কিশোরদের পৃথক দুটি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে উভয় আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের মোল্লাচর এলাকার সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি নৌযানে একদল কিশোরকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। পরে একটি নৌযান থেকে ৭-৮ জন কিশোরকে আটক করে পুলিশ। এ ছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অন্য কিশোরদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন জানান, ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে নদীতীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি আরও জানান, ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ৩৭ কিশোরকে শনিবার আদালতে পাঠানো হয়।

দৈনিক টার্গেট 




















