নিহতর ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয় মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার এক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
পুলিশ ও ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে শিক্ষা সফর উপলক্ষে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। একটি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। পরে খবর পেয়ে শিক্ষা সফরের অপর বাসটির যাত্রী, স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও সাতকানিয়া থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, ‘শিক্ষা সফরে যাওয়ার সময় দুটি বাসের মধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। এতে মাদ্রাসার একজন শিক্ষিকা ও একজন অতিথি নিহত হয়েছেন। তাঁরা বাসটির সামনের আসনে বসেছিলেন। সম্ভবত ডোবার পানিতে বাসটির কিছু অংশ ডুবে থাকায় শ্বাস নিতে না পেরেই ওই দুজনের মৃত্যু হয়েছে।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম ঘুম ভাব ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে ডোবায় পড়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।

দৈনিক টার্গেট 





















