দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে। এসব এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দেশের অন্যান্য এলাকাতেও আবহাওয়া অস্থির থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। ফলে নদী ও উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় বিশেষ করে নৌযান চলাচল, কৃষিকাজ এবং খোলা স্থানে অবস্থানকারীদের বাড়তি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।















Leave a Reply