পালংশাক ১ আঁটি, ছোট টুকরো করে কাটা পনির ২০০ থেকে ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি মাঝারি আকৃতির, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, টমেটো পেস্ট ১টি, জিরা গুঁড়ো ১ চা-চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, মরিচ গুঁড়ো ১/৩ চা-চামচ, গরম মশলা গুঁড়ো ১/২ চা-চামচ, ঘি বা মাখন ১-২ টেবিল চামচ, রান্নার তেল ২ টেবিল চামচ, চিনি ও লবণ স্বাদমতো।
প্রথমে পালংশাক ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ এবং পালংশাকগুলো দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। এরপর শাক তুলে সঙ্গে সঙ্গে একটি বাটিতে বরফ দেওয়া পানিতে তুলে রাখুন। ফেলে এতে শাকের সবুজ রঙ ঠিক থাকে। ঠান্ডা হলে কাঁচামরিচ দিয়ে শাকটি মিক্সিতে বেটে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার কড়াইতে সামান্য তেল বা ঘি গরম করে পনিরের টুকরোগুলো হালকা সোনালি করে ভেজে তুলে নিন। একই কড়াইতে অবশিষ্ট তেল বা ঘি গরম করুন। তাতে সামান্য জিরা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। এখন কড়াইতে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়ছে। এবার তৈরি করে রাখা পালং শাকের পেস্ট মশলার মধ্যে দিয়ে দিন। মশলার সাথে শাকটি ভালো করে মিশিয়ে ২-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। সামান্য চিনি দিন।
গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিন। ওপর থেকে গরম-মশলাগুঁড়ো ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল এই মৌসুমের সুস্বাদু খাবার পালং পনির।
রেসিপি ও ছবি: ভেজ রেসিপি’স অব ইন্ডিয়া

দৈনিক টার্গেট 




























