অফিসে কাজের চাপ, কাজ শেষে বাজার করে বাড়ি ফেরা। কোনো কোনো পুরুষ তো নির্দ্বিধায় ঘরের কাজেও হাত লাগান, সন্তানেরও দেখভাল করেন। এমন একজন মানুষ দিন শেষে সবাই ঘুমিয়ে পড়লে হয়তো ওটিটি প্ল্যাটফর্মে আরাধ্য সিনেমাটি দেখার সুযোগ পান। তবে রাতের ঘুম বাদ দিয়ে এই কাজ রোজ করলে আপনিই ভুগবেন। দিনের পর দিন কম ঘুমানো মানসিক অবসাদ ও খিটখিটে মেজাজের অন্যতম প্রধান কারণ। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারা দিনের ক্লান্তি দূর করে নিজেকে রিচার্জ করে। তাই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং অন্তত ৭ থেকে ৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।
আমরা যা খাই, তার সরাসরি প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কে। অফিসে সারা দিন কত কাপ চা বা কফি পান করেছেন, তার হিসাব আছে? বিকেলে আবার সহকর্মীদের নিয়ে স্ট্রিট ফুড চেখে দেখছেন। এটি বেশ ক্ষতিকর অভ্যাস। অতিরিক্ত ফাস্ট ফুড, চিনি বা প্রক্রিয়াজাত খাবার অলসতা ও বিষণ্নতা বাড়ায়। এর বদলে খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ফল, বাদাম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যোগ করুন। এগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে।
পুরুষ বা বাড়ির কর্তা হয়েছেন বলে বড় সব সিদ্ধান্ত নিতে ও কাজগুলো একা সামলাতে হবে—এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মনের ভেতর জমানো কষ্ট বা চাপ কাছের কোনো বন্ধু, জীবনসঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন। অনুভূতি প্রকাশ করা কোনো দুর্বলতা নয়, বরং এটি মানসিকভাবে হালকা হওয়ার সবচেয়ে কার্যকর উপায়। সবার সঙ্গে আলোচনা করলে ও দায়িত্ব ভাগ করে নিলে নিজের চাপও কমে, আবার পরিবারের সদস্যদের সঙ্গেও সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে।
ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অবাস্তব প্রতিযোগিতা অনেক সময় হীনম্মন্যতা ও মানসিক চাপের সৃষ্টি করে। তাই দিনে ১ থেকে ২ ঘণ্টা ল্যাপটপ বা স্মার্টফোন ফোন থেকে দূরে থাকুন। পরিবারের সবার সঙ্গে কথা বলুন, বাইরে থেকে হেঁটে আসুন ও প্রকৃতির সঙ্গে সময় কাটান।
পেশাগত বা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া মানসিক চাপের অন্যতম বড় কারণ। নিজের মানসিক সক্ষমতার দিকে তাকিয়ে প্রয়োজনের অতিরিক্ত কাজে ‘না’ বলতে শেখা জরুরি। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখুন।
ব্যস্ত শিডিউলের মধ্যেও সপ্তাহে অন্তত কিছুটা সময় নিজের ভালো লাগার কোনো কাজের জন্য বরাদ্দ রাখুন। বই পড়া, গান শোনা, বাগান করা, ছবি তোলা বা ডায়েরি লেখার মতো শখগুলো মন সতেজ রাখে এবং প্রতিদিনের একঘেয়েমি দূর করে।
ব্যায়াম শুধু শরীরের পেশি গঠন করে না, এটি মনের জন্যও দারুণ এক ওষুধ। নিয়মিত হাঁটা, দৌড়ানো, জিম করা বা সাঁতার কাটার ফলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা তাৎক্ষণিকভাবে মুড ভালো করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমায়। প্রতিদিন অন্তত ৩০ মিনিট নিজের জন্য রাখুন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কোনোভাবেই মানসিক চাপ বা বিষণ্নতা কাটিয়ে ওঠা সম্ভব হয় না, তখন একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের শরণাপন্ন হওয়া। শারীরিক অসুস্থতায় আমরা যেমন চিকিৎসকের কাছে যাই, মনের অসুস্থতাতেও ঠিক একইভাবে প্রফেশনাল সাহায্য নেওয়া উচিত। একে স্বাভাবিকভাবে গ্রহণ করা সুস্থ মানসিকতার পরিচয়। নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়; বরং পরিবার ও সমাজের প্রতি নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালনের জন্য সবার আগে নিজের মন সুস্থ রাখা প্রয়োজন। প্রতিদিনের এই ছোট ছোট পরিবর্তনই দীর্ঘ মেয়াদে এনে দিতে পারে একটি শান্ত ও সুখী জীবন।
লেখক: চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

দৈনিক টার্গেট 



























