বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল, যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে জীবন দিয়েছিল অসংখ্য মানুষ, সেই সহিংসতারই পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হওয়া কোনোভাবেই স্বস্তিদায়ক নয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে এসব নাশকতার ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে প্রতিটি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। পরিসংখ্যানের মাধ্যমে পাওয়া প্রতিটি মৃত্যুর সংখ্যা আলাদা আলাদা উদ্বেগের বার্তা দেয়। ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার অর্থ শুধু কিছু যানবাহন পুড়িয়ে দেওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবহন মালিক, চালক, শ্রমিক ও সাধারণ যাত্রীর জীবন-জীবিকার বিষয়। একটি বাস পুড়ে গেলে ক্ষতিগ্রস্ত হন সেই বাসের মালিক, চালক, সহকারী এবং তাঁদের পরিবারের সদস্যরা। আগুনের ঘটনায় কেউ আহত বা নিহত হলে সেই ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। একইভাবে ককটেল বিস্ফোরণ শুধু আতঙ্ক ছড়ায় না, নিরীহ মানুষের প্রাণহানির ঝুঁকিও তৈরি করে। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কোনো দলের থাকতে পারে না।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব নাশকতার লক্ষ্য শুধু গণপরিবহনেই সীমাবদ্ধ থাকছে না; পুলিশের স্থাপনাও হামলার শিকার হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার জন্য সরাসরি চ্যালেঞ্জ। একই সঙ্গে সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
এখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন ওঠে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মসূচি পালনের অধিকার থাকলেও তা অবশ্যই আইন ও জননিরাপত্তার সীমার মধ্যে হওয়া উচিত। কিন্তু কোনো কর্মসূচিকে কেন্দ্র করে যদি ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে, তাহলে সেটিকে সাধারণ রাজনৈতিক প্রতিবাদের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। রাজনৈতিক দাবি আদায়ের পথ হতে পারে আলোচনা, সংলাপ, জনমত তৈরি কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু মানুষের সম্পদ ধ্বংস করে, যানবাহনে আগুন দিয়ে কিংবা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়ে রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা শেষ পর্যন্ত জনগণেরই ক্ষতি করে।
এই পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নতুন করে গুরুত্ব পাচ্ছে। তবে এই ঐক্যের অর্থ কেবল একটি রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক শক্তির অবস্থান নেওয়া উচিত নয়। বরং এর ভিত্তি হতে হবে জননিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের নামে অন্য কোনো রাজনৈতিক দল যেন প্রতিপক্ষের ওপর হামলা, প্রতিশোধ কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ না পায়, সেটিও নিশ্চিত করতে হবে। কারণ, সহিংসতার জবাবে পাল্টা সহিংসতা কখনো স্থায়ী সমাধান হতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। কারা অর্থায়ন করছে, কারা নির্দেশনা দিচ্ছে, কারা বিস্ফোরক ও দাহ্য পদার্থ সংগ্রহ করছে এবং কারা মাঠপর্যায়ে এসব ঘটনা বাস্তবায়ন করছে, প্রতিটি বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে গ্রেপ্তারের ক্ষেত্রে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া যেমন চলবে না, তেমনি রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অপরাধী বানানোও গ্রহণযোগ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই ভারসাম্য অত্যন্ত জরুরি।
বাংলাদেশের মানুষ বারবার সহিংসতা দেখেছে, আগুনে পুড়তে দেখেছে যানবাহন, প্রাণ হারাতে দেখেছে স্বজনদের। তারা আর সেই পুরোনো দৃশ্যের পুনরাবৃত্তি চায় না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে পরিচালিত নাশকতার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার যেমন জরুরি, তেমনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও প্রয়োজন।

দৈনিক টার্গেট 





















