মিথ ১: শরীরের বেশির ভাগ তাপ মাথা দিয়ে বেরিয়ে যায়। এর আসল সত্য হলো, শরীরের যে অংশ খোলা থাকে, সেখান থেকে সমানুপাতিক হারে তাপ বের হয়। মাথা শরীরের মাত্র ৭ থেকে ১০ শতাংশ জায়গায় থাকে। অন্য অংশের চেয়ে মাথা দিয়ে দ্রুত তাপ হারায় না।
মিথ ২: গরম পানীয় পানে শরীর দ্রুত গরম হয়। এর সত্যটি হলো, গরম চা বা কফি সাময়িক আরাম দিলেও শরীরের মূল তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ায় না।
মিথ ৩: ঠান্ডা আবহাওয়ায় সহজে অসুখ হয়। অথচ সর্দি-কাশি বা ফ্লু হয় ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে, ঠান্ডার কারণে নয়। শীতে মানুষ ঘরের ভেতরে গা ঘেঁষাঘেঁষি করে থাকায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ে। ঝুঁকি কমাতে জানালা খুলে বা এইচইপিএ ফিল্টার ব্যবহার করে ঘরের বাতাস চলাচল স্বাভাবিক রাখুন।
মিথ ৪: শীতে সানবার্ন হয় না। কিন্তু তাপ নয়, সূর্যের অতিবেগুনি রশ্মি সানবার্ন ঘটায়। আর এই রশ্মি মেঘ বা কুয়াশা ভেদ করেও আসে। তাই শীতে বাইরে বেরোলে অন্তত এসপিএফ ১৫ সানস্ক্রিন, স্কার্ফ বা টুপি ব্যবহার করুন এবং সকাল ১০টা থেকে বেলা ২টার কড়া রোদ এড়িয়ে চলুন।
পুরো শরীর ঢেকে স্তরে স্তরে পোশাক পরুন, সচেতন থাকুন এবং শীতে সুস্থ থাকুন।

দৈনিক টার্গেট 





















