আমলাতান্ত্রিক জটিলতায় বিলম্বিত সিদ্ধান্ত: মঈন খান
রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ও গবেষণা খাতকে আধুনিকায়ন করা না গেলে দেশ ভবিষ্যতের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
শুক্রবার (২২ মে) রাজধানীতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত মহাকাশ ও জিওস্পেশাল গবেষণাবিষয়ক নতুন গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মঈন খান বলেন, বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলো মহাকাশ প্রযুক্তি ও ভবিষ্যৎ মানব বসতি নিয়ে গবেষণায় এগিয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় পুরোনো চিন্তাধারা আঁকড়ে ধরে থাকলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে না। তিনি মনে করেন, নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হলে শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী বিষয় সংযোজন জরুরি।
তিনি আরও বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি ও প্রশাসনিক জটিলতা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের অভাবে শিক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও স্বাধীন ও আধুনিক গবেষণার উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
