ইসির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
দেশে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ এর চূড়ান্ত তথ্য প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। নতুন তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৪৩ জন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সেই তালিকায় ২০২৫ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নিবন্ধিত নাগরিকরা ভোটাধিকার পেয়েছিলেন। পরে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালিয়ে যায় এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নতুন নিবন্ধিতদের তথ্য সংগ্রহ করা হয়।
ইসির তথ্যমতে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের এবারের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। ভোটার বৃদ্ধির হার ধরা হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।
ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে গত ২০ এপ্রিল খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর ভুল সংশোধন, তথ্য পরিবর্তন ও স্থানান্তরের আবেদন গ্রহণ চলে ৩ মে পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির সময়সীমা শেষ হয় ৬ মে। সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার প্রকাশ করা হলো চূড়ান্ত ভোটার তালিকা।
নতুন এই হালনাগাদ তালিকার মাধ্যমে আগামী নির্বাচন ও সাংবিধানিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের বিপুলসংখ্যক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হলো বলে মনে করছে নির্বাচন কমিশন।
