নারীর নিরাপত্তার দাবিতে এনসিপির বিক্ষোভ

রাজনীতি

ঢাকার পল্লবীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মশালমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা উত্তর মহানগর শাখা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি ঢাকা মহানগর উত্তরের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ মনসুর।

সমাবেশে আরিফুল ইসলাম আদীব বলেন, দেশে একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি পল্লবীর সাম্প্রতিক শিশু নির্যাতনের ঘটনা, ক্যান্টনমেন্ট এলাকার তনু হত্যা, বসুন্ধরার মুনিয়া ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর নির্যাতন ও হত্যার প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ক্ষেত্রেও অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে নারীদের ওপর হয়রানির ঘটনা ঘটে থাকে।

অন্যদিকে সাদিয়া ফারজানা বলেন, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা জরুরি। নারীদের সম্মান ও মর্যাদার জায়গা থেকে দেখার সংস্কৃতি গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবশক্তির নেতা তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, নুর আমিন খান, ওয়াহিজ্জামান সুমন, রেহেনা আক্তার, তাহমিনা শারমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান তোলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।