সেঞ্চুরিয়নের বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় গতকাল সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ সময় গতকাল বেলা ২টার পরিবর্তে বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হয়েছে। এমন আবহাওয়ায় টস জিতে যেকোনো দলই ফিল্ডিং করতে চাইবে। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসনদের বোলিংয়ে ৯১ রানেই শেষ বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের যেখানে টিকে থাকার লড়াই, সেখানে শুরুতেই খেল হোঁচট।
জোহানেসবার্গে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। যেখানে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর লিটন-হৃদয় ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটি গড়েছিলেন। হৃদয় করেছিলেন ১৩৭ রান। লিটনের ব্যাট থেকে এসেছিল ১২০ রান। যদিও দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়ে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছিল বাংলাদেশের।
প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে বাংলাদেশ এমনিতেই পিছিয়ে ১-০ ব্যবধানে। সেঞ্চুরিয়নে গতকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শান্তদের জয়ের কোনো বিকল্প নেই। সেখানে শুরুতেই এমন ভয়াবহ ধস। ৯১ রানের মধ্যে সর্বোচ্চ ২৩ রান এসেছে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে। আগের টেস্টে সেঞ্চুরি করা হৃদয় এবার করেছেন ১৯ রান। মুমিনুল হক করেছেন ১৮ রান। চতুর্থ সর্বোচ্চ ১১ রান ‘মিস্টার এক্সট্রার’। আর কোনো ক্রিকেটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
শুধু তা-ই নয়, আউটের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। লিটন একবার বেঁচে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৮ রান। আর হৃদয় ডাউন দ্য উইকেটে সাইমন হারমারকে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন। ব্যাটের কানায় লেগে সেই বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা এইডেন মার্করামের হাতে। তাছাড়া দলীয় ৫ রানে দক্ষিণ আফ্রিকা হারাতে পারত প্রথম উইকেট। তৃতীয় ওভারের চতুর্থ বলে মার্কোস অ্যাকারমানের বিপক্ষে তাসকিন চিৎকার করে আবেদন করতে থাকেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। ১ রানে বেঁচে যাওয়া অ্যাকারমান দিন শেষে ৪৬ রানে অপরাজিত।

দৈনিক টার্গেট 



























