দৈনিক টার্গেট

দেশের চেতনায়

মোস্তাফিজ বিতর্কে ধুমালের প্রতিক্রিয়া

আইপিএলের চলমান আসরে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে দীর্ঘ নীরবতার পর অবশেষে কথা বলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। প্রায় তিন মাস পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পুরো ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ধুমাল সরাসরি কোনো পক্ষকে দায়ী না করলেও পরিস্থিতির জটিলতার ইঙ্গিত দিয়েছেন। তার ভাষায়, কখনও কখনও এমন কিছু ঘটনা তৈরি হয়, যার কারণে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়-যদিও সেটি প্রত্যাশিত নয়।

উল্লেখ্য, আইপিএলের ১৯তম আসরের নিলামে মোস্তাফিজুর রহমানকে বড় অঙ্কের অর্থে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুই কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে শেষ পর্যন্ত প্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। নিলামের সময় তাকে ঘিরে একাধিক দলের মধ্যে প্রতিযোগিতাও দেখা যায়, যা তার চাহিদার প্রমাণ বহন করে।

তবে নিলামের কিছুদিন পরই হঠাৎ করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়, যা নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে-যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এই ঘটনার জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং ভারত সফরে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোড়ন তোলে।

সাক্ষাৎকারে এসব প্রসঙ্গে ধুমাল বলেন, ক্রিকেট পরিচালনায় সরকার সরাসরি হস্তক্ষেপ করে-এমনটা তিনি মনে করেন না। বরং সরকার সাধারণত সহায়ক ভূমিকাতেই থাকে। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি কখনও কখনও এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

বিসিসিআই সরাসরি কোনো নির্দেশনা দিয়েছিল কি না-এমন প্রশ্নে তিনি এড়িয়ে গিয়ে বলেন, পুরো বিষয়টি তার কাছে দুর্ভাগ্যজনক বলেই মনে হয়েছে এবং এর বাইরে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না এবং সংশ্লিষ্ট সবাই ইতিবাচক সিদ্ধান্ত নেবে, যাতে ক্রিকেট মাঠের বাইরের বিষয়গুলো খেলার ওপর প্রভাব না ফেলে।