সম্প্রতি গবেষকেরা স্মার্টওয়াচের মাধ্যমে হাত ও বাহুর নড়াচড়া শনাক্ত করার দুটি নতুন পদ্ধতি তুলে ধরেন। এর একটি কবজির ত্বকের নিচে থাকা পেশি ও টেন্ডনের নড়াচড়া বুঝে হাতের ইশারা শনাক্ত করতে পারে। অন্যটি ব্যবহারকারীর কয়েকটি নমুনা দেখে নতুন নতুন দৈনন্দিন কাজ চিনতে ও শিখতে পারে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে অনুষ্ঠিত একটি সম্মেলনে গবেষণাগুলো উপস্থাপন করা হয়।
ত্বকের নিচের নড়াচড়া বোঝার জন্য বিজ্ঞানীরা ইআইটি ওয়াচ নামে একটি প্রযুক্তি ব্যবহার করেছেন। শরীরের ভেতরের বিভিন্ন অংশের বৈদ্যুতিক বৈশিষ্ট্যের পরিবর্তন মেপে সেগুলোর অবস্থান ও নড়াচড়ার ধারণা পাওয়া যায় এই প্রযুক্তিতে। এতে থাকে আটটি ছোট ইলেকট্রোড। এগুলো কবজির মধ্য দিয়ে ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত পাঠায়। হাতের আঙুল নাড়ানো, মুঠি বন্ধ করা কিংবা বৃদ্ধাঙ্গুলি ওপরে তোলার সময় কবজির পেশি ও টেন্ডনের অবস্থানে পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের ফলে সংকেতের মধ্যেও আলাদা ধরনের প্যাটার্ন তৈরি হয়। স্মার্টওয়াচ সেই প্যাটার্ন চিনে বুঝতে পারে ব্যবহারকারী কোন ইশারা করেছেন। যেমন, ব্যবহারকারী বৃদ্ধাঙ্গুলি ওপরে তুললে একটি মেসেজ পাঠানো কিংবা তর্জনী দিয়ে ইশারা করলে ব্যায়ামের সময় স্টেপ কাউন্টার চালু করার মতো কাজ করা সম্ভব হতে পারে। গবেষণাগারের পরীক্ষায় প্রযুক্তিটি ছয় ধরনের সাধারণ হাতের ইশারা ৯২ শতাংশের বেশি নির্ভুলতায় এবং পাঁচ ধরনের সূক্ষ্ম আঙুলের নড়াচড়া ৯১ শতাংশের বেশি নির্ভুলতায় শনাক্ত করতে পেরেছে।
এখানে আরেকটি প্রযুক্তি হলো ট্রানস্ফ এইচএআর। এটি একটু ভিন্নভাবে কাজ করে। স্মার্টওয়াচের ভেতরে থাকা অ্যাক্সেলেরোমিটার ও জাইরোস্কোপের মতো সেন্সর কবজির গতি, ঘূর্ণন ও নড়াচড়া পরিমাপ করে। এরপর প্রযুক্তিটি সেই তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারী কী করছেন, তা শনাক্ত করার চেষ্টা করে। এর বৈশিষ্ট্য হলো, ব্যবহারকারী কোনো কাজ কয়েকবার দেখালেই স্মার্টওয়াচ সেটি চিনতে ও শিখতে পারে। গবেষকেরা ২ হাজার ৭০০ ঘণ্টার বেশি সময়ের বিভিন্ন নড়াচড়ার তথ্য ব্যবহার করে সিস্টেমটিকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন।
এই প্রযুক্তি যে শুধু স্মার্টওয়াচে কাজে লাগবে, তা নয়। চিকিৎসাক্ষেত্রেও কাজে লাগতে পারে। যেমন কৃত্রিম হাত বা রোবোটিক প্রস্থেটিক হাত নিয়ন্ত্রণে হাতের ইশারা শনাক্ত করার প্রযুক্তি সহায়তা করতে পারে। আবার হাসপাতাল বা বৃদ্ধনিবাসে রোগীরা নিয়মিত দাঁত ব্রাশ করছেন কি না, ব্যায়াম করছেন কি না কিংবা নির্দিষ্ট কোনো শারীরিক কাজ করছেন কি না, তা পর্যবেক্ষণেও ব্যবহার করা যেতে পারে।
তবে প্রযুক্তি দুটো এখনো গবেষণা পর্যায়ে রয়েছে। গবেষকেরা ইলেকট্রনিক অংশগুলোকে স্মার্টওয়াচের ভেতরে আরও সুন্দরভাবে যুক্ত করার কাজ করছেন। তাই বিজ্ঞানীরা আশা করছেন, অদূরভবিষ্যতে হয়তো আমরা হাতের ইশারায় স্মার্টওয়াচ ব্যবহার করতে পারব।

দৈনিক টার্গেট 



























