এই বিশেষ ফটোশুটগুলোতে হ্যান্ডশেক, আলিঙ্গন, গালে বা কপালে চুমুর ভঙ্গি কিংবা মডেলের সুঠাম দেহ স্পর্শ করার মতো ঘনিষ্ঠ পোজ অন্তর্ভুক্ত থাকে।
গত জুলাই মাসে চীনের জনপ্রিয় লাইফস্টাইল ব্লগার শুয়ে ডিংগে দুজন পুরুষ মডেলের সঙ্গে মাত্র ৩০ মিনিটের একটি রোমান্টিক ফটোশুটের জন্য ৪,৫২০ ইউয়ান খরচ করেন। স্টুডিওর ভেতরে তাঁদের দিয়ে নানা ঘনিষ্ঠ পোজের ছবি তোলেন চিত্রগ্রাহক। অভিজ্ঞতাটি অনলাইনে শেয়ার করে তিনি লেখেন, ‘নারী-কেন্দ্রিক সেবার যুগে সবাইকে স্বাগতম।’
একইভাবে চীনের চেংদু শহরের বাসিন্দা ওয়েনজি ৩,০০০ ইউয়ান খরচ করে এক কৃত্রিম ভালোবাসার গল্প সাজিয়ে ফটোশুট করেন। গল্পে দেখানো হয়—প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর কান্নাকাটি করে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন প্রেমিক। ওয়েনজি বলেন, ‘মডেল আমার কাছে সুন্দর ছবি তৈরির একটি মাধ্যম মাত্র। ছবি তোলা মানে যেন একটি স্বপ্ন বুনে নেওয়া। আমি মূলত হৃৎস্পন্দন বাড়ানো সেই দৃশ্যটির জন্যই অর্থ খরচ করেছি।’
চীনের নানজিং শহরের ‘মু ঝাও স্টুডিও’ দাবি করেছে, তারা দেশে প্রথম পুরুষ মডেলদের নিয়ে এই ‘কাপল-স্টাইল’ ফটোশুট ব্যবসা শুরু করে। স্টুডিওটির প্যাকেজগুলোর দাম ৭,২০০ ইউয়ান (৯টি এডিটেড ছবি) থেকে শুরু করে ২৮,০০০ ইউয়ান। এই প্যাকেজের মধ্যে একদিনে সর্বোচ্চ ১২০টি ছবি এবং প্রয়োজনে পোশাক বদলের সুযোগ থাকে।
অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলছেন, একজন অপরিচিত মানুষের সঙ্গে ছবি তুলতে এত টাকা কেন দেব? তারা তো আমার বন্ধু বা তারকাও নয়।
আরেক দল মন্তব্য করেছেন, এটিকে শুধু ‘নারী-কেন্দ্রিক সেবা’ বলা ভুল। কারণ এখানে নারীরা টাকা দিয়ে সাজগোজ করে ছবি তুলছেন আর পুরুষ মডেলরা সুবিধা পাচ্ছেন।
তবে স্টুডিও প্রতিষ্ঠাতা মু ঝাওয়ের মতে, চীনের নারীরা এখন নিজেদের রূপ, ইচ্ছা এবং আবেগীয় চাহিদার কথা প্রকাশ্যে বলতে দ্বিধা করছেন না। নিজের খুশির জন্য অর্থ খরচ করাকে তিনি নারীদের আত্মবিশ্বাসেরই প্রতীক মনে করছেন।

দৈনিক টার্গেট 


























