২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের দুটি ভিন্ন অংশ জোড়া দিয়ে প্রচার করেছিল বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠান। এ সম্পাদনার অভিযোগে সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিবিসির এক মুখপাত্র বলেছেন, ‘আদালতের এই সিদ্ধান্তে আমরা বিস্মিত। তবে আদালতের কর্তৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। মামলাটি এখন পরবর্তী পর্যায়ে এগোবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান সম্পর্কে আত্মবিশ্বাসী। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এ মামলার জবাব দিয়ে যাব।’
বিচারক কুন্টজ মনে করেন, বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির অভিযোগগুলো মামলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে মামলার মূল অভিযোগের সত্যতা বা গ্রহণযোগ্যতা নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত দেননি।
বিচারক আদেশে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এসব অভিযোগ প্রমাণ করতে পারবেন কি না এবং সংক্ষিপ্ত রায় কিংবা বিচারপ্রক্রিয়ার মাধ্যমে ক্ষতির শিকার হওয়ার বিষয়টি প্রতিষ্ঠা করতে পারবেন কি না, তা পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।’
ফ্লোরিডার আদালতে করা মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের বাইরে দেওয়া তাঁর ভাষণটি বিবিসি ‘ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণার উদ্দেশ্যে সম্পাদনা করে বিকৃত করেছে’।
বিবিসি এ ঘটনায় ক্ষমা চেয়ে বলেছিল, অনুষ্ঠানটি প্রচারের ফলে ‘ভুলভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানিয়েছিলেন’।
পরে বিবিসি আদালতের কাছে মামলাটি খারিজের আবেদন জানায়। সম্প্রচারমাধ্যমটির যুক্তি ছিল, অনুষ্ঠানটি মানহানির অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য আইনি শর্ত পূরণ করে না। তা ছাড়া অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে প্রচারিতও হয়নি।
গত মাসে বিচারক ট্রাম্পকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এ মামলায় শপথের অধীনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন। এর আগে গত মাসেই ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়’ উল্লেখ করে নির্ধারিত একটি জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া বাতিল করেছিলেন ট্রাম্প।
আদালতে বিবিসির পক্ষে আইনজীবী বলেন, নির্ধারিত দিনে ট্রাম্প অক্টোবরে জর্জিয়ায় নির্বাচনী প্রচারে ছিলেন। বিবিসির আইনজীবীদের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে তিনি ওই প্রচারকেই অগ্রাধিকার দিয়েছিলেন।
চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের আইনজীবীরা স্বীকার করেন, বিবিসির সাবস্ক্রিপশনভিত্তিক সেবা ব্রিটবক্সে তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে দেখা যেত, এমন কোনো প্রমাণ তাঁদের কাছে নেই। শুরুতে তাঁরা এমনটাই দাবি করেছিলেন। বিবিসির ওয়েবসাইট, বিবিসি সিলেক্ট কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সম্প্রচারমাধ্যমের মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল, এমন প্রমাণও তাঁরা দিতে পারেননি।

দৈনিক টার্গেট 


























