ডা. জুবাইদা রহমান বলেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। আমাদের লক্ষ্য হলো— প্রতিরোধযোগ্য বিষয়গুলোকে প্রতিরোধ করা, দ্রুত রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য দুর্ভোগ কমিয়ে আনা। কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। আমাদের মা-বোনদের প্রাণঘাতী ক্যানসার থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, ‘আমাদের শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে যন্ত্রণায় ভোগেন; পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে তাঁদের স্বাস্থ্যসেবার বিষয়টি তালিকার একেবারে তলানিতে পড়ে থাকে।’
এ পরিস্থিতি পরিবর্তনে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাবেন এবং ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় সবার স্বাস্থ্যকে সমান গুরুত্ব দেওয়া হবে।
সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নারীর বেঁচে থাকার অধিকার তিনি কোথায় বসবাস করেন, তার ওপর নির্ভর করতে পারে না।
স্কুল-কলেজের ভেতরে ও বাইরে— সর্বত্রই মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি নিশ্চিত করার এবং শহর ও গ্রামের সব প্রান্তের নারীদের জন্য ক্যানসার স্ক্রিনিং বা প্রাথমিক শনাক্তকরণ সেবা সম্প্রসারণের আহ্বান জানান ডা. জুবাইদা। তিনি বলেন, স্ক্রিনিংয়ে ক্যানসারের সম্ভাব্য লক্ষণ পাওয়া গেলে যথাযথ রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারীরা যাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে চিকিৎসাসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে জন্য সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা অপরিহার্য।
তিনি স্বাস্থ্যসেবাকে কেবল বিশেষায়িত কেন্দ্রগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় হাসপাতালগুলোর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন।
ডা. জুবাইদা রহমান বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দলগুলো নারীদের সচেতন করতে, স্ক্রিনিং প্রক্রিয়ায় সহায়তা করতে এবং তাঁদের প্রয়োজনীয় রেফারেল পরিষেবার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সবার জন্য ক্যানসার চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকার, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ক্যানসারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, এ ধরনের উদ্যোগের সাফল্য পরিমাপ করতে হবে— কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারীকে স্ক্রিনিং করা হলো, কতজনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলো, কতজন রোগী সময়মতো চিকিৎসা পেলেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসাব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেল তার ভিত্তিতে।

দৈনিক টার্গেট 

























