মনোবিজ্ঞানে পড়ার প্রেরণার দুটি গুরুত্বপূর্ণ ধরন হলো—বাহ্যিক প্রেরণা ও অন্তর্নিহিত প্রেরণা। মানুষের পড়ার পেছনে বাহ্যিক বা অন্তর্নিহিত প্রেরণা কাজ করলেও কোনো কোনো মানুষের পড়ার পেছনে আবার দুই ধরনের প্রেরণাও কাজ করতে পারে। ফলে কেউ অবসর পেলেই বই হাতে নেন, আবার কেউ প্রয়োজন ছাড়া কয়েক পৃষ্ঠা পড়তেও চান না।
ভাষাগত দক্ষতা ও চিন্তার বিকাশে বই পড়ার ভূমিকা নিয়ে গবেষণা প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশিত হয়। কিন্তু শুধু বই পড়ার উপকারিতা তুলে ধরলেই কি মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়?
কেউ প্রয়োজন ছাড়া বই পড়েন না বলেই যে তিনি বই অপছন্দ করেন, এমন নয়। এমনও হতে পারে বই পড়ার আনন্দের সঙ্গে তার পরিচয়টাই ঘটেনি।
বই পড়ার অভ্যাস নিয়ে ২০২৪ সালে প্রকাশিত সিইওওয়ার্ল্ড সাময়িকীর জরিপ অনুযায়ী, বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। জরিপটির হিসাব অনুযায়ী, বাংলাদেশে বছরে একজন মানুষ গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়ে এবং বই পড়ার পেছনে ব্যয় হয় গড়ে ৬২ ঘণ্টা।
মানুষ কেন বই পড়ে কিংবা পড়ে না, তা বুঝতে বইয়ের সঙ্গে তার সম্পর্কটিও বিবেচনায় নিতে হবে। কারণ পড়তে পারা আর নিজের আগ্রহে বই পড়া এক বিষয় নয়। বই পড়া কারও কাছে আনন্দের, কারও কাছে বাধ্যবাধকতার। সেই আনন্দের সঙ্গে পরিচয় ঘটানোর গুরুত্বপূর্ণ সময় শৈশব-কৈশোর। কিন্তু শিশুর মধ্যে স্বতঃস্ফূর্ত পাঠাভ্যাস গড়ে তোলা কতটা সহজ?
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর হাতে বই তুলে দেওয়া হয়। কিন্তু শিশুকে বই পড়তে বাধ্য করা হচ্ছে, নাকি তার মধ্যে বই পড়ার আনন্দ ও আগ্রহ তৈরি করা হচ্ছে—সেই প্রশ্ন থেকেই যায়। বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশই বয়সোপযোগী সহজ লেখা পড়ে তা বুঝতে পারে না। এটি পাঠ দক্ষতার সংকট তুলে ধরে।
ছোটবেলা থেকেই আমাদের অনেকের কাছে বই পড়ার সঙ্গে পরীক্ষার সম্পর্কটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভালো ফল ও পরে চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকার তাগিদে পড়তে হয়। ফলে কারও কারও ক্ষেত্রে বইয়ের সঙ্গে আনন্দের সম্পর্ক গড়ে ওঠার আগেই তা হয়ে ওঠে দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়। প্রয়োজন ফুরিয়ে গেলে বইয়ের পাতার সঙ্গে সম্পর্কও যেন ফুরিয়ে যায়। আবার অনেকে প্রতিদিন ই-মেইল, প্রতিবেদন কিংবা অনলাইন নিবন্ধ পড়েন, কিন্তু অবসরে নিজের পছন্দের বই হাতে নেন না।
বড় হওয়ার পর বই পড়ার প্রতি আগ্রহ বা অনাগ্রহের পেছনে শৈশব-কৈশোরের অভিজ্ঞতা ভূমিকা রাখতে পারে। পরিবার, শিক্ষাব্যবস্থা, সামাজিক প্রত্যাশা ও ব্যক্তিগত আগ্রহ—সবই বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ককে প্রভাবিত করে। কোনো কোনো পরিবারে পাঠ্যবইয়ের বাইরের বইকে অপ্রয়োজনীয় মনে করা হয়। বড়দের বই পড়তে না দেখলে শিশুর নিজেরও তেমন আগ্রহ তৈরি না হতে পারে। শিশুরা শুধু উপদেশ শুনেই শেখে না, চারপাশের মানুষের আচরণ দেখেও শেখে।
খিলগাঁওয়ের ওই জরিপে দেখা যায়, যেসব পরিবারের বড়রা নিয়মিত বই পড়েন, সেসব পরিবারের ৪৭ দশমিক ১ শতাংশ শিশু-কিশোরও নিয়মিত পড়ে। বিপরীতে বড়রা বই পড়েন না, এমন পরিবারে হারটি ৩১ দশমিক ৮ শতাংশ। ১ হাজার ৫ জনের মতামতের ভিত্তিতে ‘বাংলাদেশে কমিউনিটি পাঠাগারের ভবিষ্যৎ’ শীর্ষক জরিপটি পরিচালনা করে শহীদ বাকী স্মৃতি পাঠাগার।
২০২১ সালে চাইল্ড ডেভেলপমেন্ট সাময়িকীতে প্রকাশিত কানাডার একটি গবেষণায় প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৭২ শিশুকে তিন বছর পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা দেখতে পান, বাড়িতে পাঠবোধের অনুশীলন শিশুর পরবর্তী পাঠ দক্ষতার সঙ্গে ইতিবাচকভাবে সম্পর্কিত।
একই পরিবার কিংবা শ্রেণির শিশুদের আগ্রহ এক নয়। কেউ রহস্য-রোমাঞ্চ পছন্দ করে, কেউ ইতিহাস, কেউ বিজ্ঞান। নিজের আগ্রহের বিষয় খুঁজে পাওয়া তাই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে এডুকেশনাল সাইকোলজি রিভিউ সাময়িকীতে প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণে ৩৯টি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে, পরিকল্পিত শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের পড়ার আগ্রহ ও পড়ে বোঝার দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। বিশেষ করে আগ্রহ জাগানোর উদ্যোগগুলো ইতিবাচক প্রভাব ফেলেছে। অর্থাৎ শিশুকে শুধু পড়তে বললেই হবে না, কী পড়তে তার ভালো লাগে, সেটিও গুরুত্ব দিতে হবে।
ধরা যাক, একটি শিশু কমিকস পড়তে চায়, কিন্তু বড়রা সেটিকে সময়ের অপচয় মনে করেন। অথবা গল্পের বই হাতে নিলেই বলা হয়, এখন নয়, আগে পরীক্ষার পড়া শেষ করো। এমন অভিজ্ঞতায় বইয়ের সঙ্গে আনন্দের বদলে চাপের সম্পর্ক তৈরি হতে পারে। আবার পড়তে গিয়ে বারবার আটকে যাওয়া কিংবা ভুল উচ্চারণের জন্য বকা খাওয়াও শিশুর আত্মবিশ্বাস কমাতে পারে। এসব অভিজ্ঞতায় বইয়ের প্রতি আগ্রহ কমে যেতে পারে। পরবর্তী জীবনে নানা ধরনের বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহও সীমিত হতে পারে।
ইতিবাচক পরিবর্তন আনতে শিশুকে শুধু ভালো ফলের জন্য বই পড়তে উৎসাহিত না করে পড়ার আনন্দকেও গুরুত্ব দিতে হবে। ছবি-গল্প, কমিকস বা রহস্যের বই দিয়ে শুরু করলে আপত্তি কোথায়? পরিবারে বড়দের বই পড়ার অভ্যাস না থাকলে সেটি শুরু করা যেতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবইয়ের বাইরে নানা ধরনের বইয়ের সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি এবং ছোট পরিসরে বইমেলার আয়োজন করা যেতে পারে। পরীক্ষা নেওয়ার বদলে কোনো বই পড়ে শিশুর কেমন লাগল, কোন চরিত্র ভালো লাগল বা কী প্রশ্ন জাগল, তা নিয়ে কথা বলা যেতে পারে। এ ছাড়া বয়স অনুযায়ী ধাপে ধাপে কালোত্তীর্ণ সাহিত্যসহ নানা বিষয়ের বইয়ের সঙ্গে পরিচয় ঘটাতেও উদ্যোগ নিতে হবে।
বইয়ের সহজলভ্যতা ও কেনার সামর্থ্যও বিবেচনায় রাখা জরুরি। সবার পক্ষে নিয়মিত বই কেনা সম্ভব হয় না। নিজের বই থাকতে হবে, এমন নয়। পাঠাগার, বই বিনিময় কিংবা পরিচিতদের কাছ থেকে ধার করে পড়া গেলে অনেকের জন্য বই পড়া সহজ হতে পারে।
পাঠাভ্যাস গড়ে তোলার কোনো একক বা ধরাবাঁধা পদ্ধতি নেই। প্রয়োজন পাঠ দক্ষতা, সুযোগ, ব্যক্তিগত আগ্রহ ও অনুকূল পরিবেশের সমন্বয়। অনুকূল পাঠ পরিবেশ ও দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে।
তবে বইকে কেবল বাধ্যবাধকতার বিষয় না বানিয়ে পড়ার আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ শুরু। পরীক্ষা, চাকরি কিংবা পেশাগত প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরও বই হাতে তুলে নেওয়ার ইচ্ছা থাকবে কি না, তা অনেকটাই নির্ভর করতে পারে বইয়ের সঙ্গে তার কেমন সম্পর্ক গড়ে উঠেছে, তার ওপর।

দৈনিক টার্গেট 
























