জাপানের আলু চাষিরা বলছেন, এই নিষেধাজ্ঞা তুলে নিলে তা তাঁদের জীবিকাকে হুমকির মুখে ফেলবে এবং ভোক্তাদের কাছে নিম্নমানের পণ্য পৌঁছে দেবে। তাঁদের আশঙ্কা, মার্কিন আলুর চালানের মাধ্যমে জাপানের কৃষি জমিতে ক্ষতিকারক পোকা ও কীটপতঙ্গ ছড়িয়ে পড়তে পারে।
টোকিও ২০০৬ সালে নিষেধাজ্ঞাটি আংশিকভাবে তুলে নিয়েছিল, তবে তখন কেবল চিপস তৈরির জন্য মার্কিন আলু আমদানির অনুমতি দেওয়া হয়। কীটপতঙ্গ ও রোগের বিস্তার রোধে এসব সবজি সিলগালা করা কনটেইনারে পরিবহন করা হতো এবং উচ্চ তাপমাত্রায় রান্না করা বাধ্যতামূলক ছিল। তবে এবার পুরো নিষেধাজ্ঞা তুলে নিলে ১৯৫০ সালের পর প্রথমবারের মতো তাজা মার্কিন আলু জাপানের রেস্তোরাঁর মেনু ও সুপারমার্কেটের তাকে জায়গা করে নেবে।
জাপানের মোট আলুর প্রায় ৮০ শতাংশ উৎপাদিত হয় হোক্কাইডোতে। সেখানকার জাপান এগ্রিকালচার গ্রুপের কর্মকর্তা তোশিহিদে নুমা সাওয়া বলেন, আমরা শুরু থেকেই মার্কিন আলু আমদানির বিরোধিতা করে আসছি। এই বিরোধিতার পেছনে নানা কারণ রয়েছে, যার মধ্যে দেশে কীটপতঙ্গ ও রোগের প্রবেশ এবং হোক্কাইডোর উৎপাদন এলাকার ক্ষতির ঝুঁকি অন্যতম।
১৫৯৮ সালে ডাচ বণিকেরা যখন জাপানে প্রথম আলু নিয়ে আসেন, তখন উদ্ভিদপ্রেমীদের কাছে এটি ছিল সংগ্রহের বস্তু। ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে এসে আলু চালের বিকল্প এবং পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা পায়। কারণ হোক্কাইডোর শীতল জলবায়ু ধান চাষের উপযোগী ছিল না। বর্তমানে এটি তাদের চিরচেনা প্রিয় খাবার ‘জাগা বাটা’–র (মাখনে ভেজানো বেক করা আলু) মূল উপাদান। অন্যদিকে ‘পটেটো সারাডা’ বা পটেটো সালাদ জাপানের জাতীয় ডিশের মর্যাদা লাভ করেছে।
হোক্কাইডোর সবচেয়ে পরিচিত আলুর জাত হলো ‘দানশাকু’ (আইরিশ কব্লার)। উচ্চ স্টার্চযুক্ত এই আলু মাখন ও অন্যান্য টপিংয়ের সঙ্গে কিংবা স্টুর মাংসের রস শুষে নেওয়ার জন্য দারুণ উপযোগী।
নুমা সাওয়া বলেন, আমরা বিশ্বাস করি, ভোক্তারা চিনে নিয়েছেন রান্নার জন্য কোন আলু সবচেয়ে উপযুক্ত। এখন বাইরে থেকে আলু আমদানি হলে এই স্বতন্ত্রতা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি হোক্কাইডোর আলু চাষিরা কীটপতঙ্গের প্রাদুর্ভাব, বৈশ্বিক উষ্ণায়ন এবং গ্রামের জনসংখ্যা হ্রাসের মতো নানা সংকটে জর্জরিত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আলু জাপানের বাজারে ঢুকলে সংকট আরও বাড়বে।
জাপানের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন ৯০ টিরও বেশি জাতের আলু উৎপাদিত হয়। ২০২৪ সালে জাপানি ভোক্তারা ৩৫ লাখ টন আলু খেয়েছেন। এর মধ্যে ১২ লাখ টন ছিল চিপস তৈরির জন্য আমদানি করা আলু।
সম্প্রতি জাপানি সংবাদ সংস্থা জিজিপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তাকাবে বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনাটি বৈজ্ঞানিক ও প্রযুক্তি সব দিক আলোচনার মাধ্যমে হবে। তাই সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। তিনি আরও বলেন, আমি জানি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা রয়েছে। কিন্তু পর্যাপ্ত আলোচনা বা উভয় পক্ষের গ্রহণযোগ্য চুক্তি ছাড়া আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না।
চিপসের জন্য আমদানি করা আলু কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও, চাষিদের ভয় তাজা আলুর চালানের সঙ্গে ক্ষতিকর পোকা ও জীবাণু চলে আসতে পারে। ইতিমধ্যে জাপানের সরকার ২১টি কীটপতঙ্গ ও রোগ চিহ্নিত করেছে, যা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি করতে পারে।
এর মধ্যে পটেটো সিস্ট নেমাটোড এবং পেল পটেটো সিস্ট নেমাটোড নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তবে এগুলো উদ্ভিদের শিকড় ক্ষতিগ্রস্ত করে বৃদ্ধি স্থবির করে দেয় এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে মাটিতে অবস্থান করতে পারে।
চলতি বছরের শুরুর দিকে, কংগ্রেসের আইনপ্রণেতারা এক চিঠিতে ট্রাম্পকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। চিঠিতে তাঁরা লেখেন, মার্কিন আলু চাষিরা বিশ্বের সেরা আলু উৎপাদন করেন। জাপান একটি বড় বাজার, এটি মার্কিন আলু চাষিদের রপ্তানির সুযোগ বাড়াবে।
এদিকে জাপানি কৃষকদের মধ্যে যারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে, তারা বলছেন, এর ফলে জাপানি ভোক্তাদের জন্য দাম কমবে। মার্কিন চাষিদের বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলার (১৫০ মিলিয়ন ডলার) রপ্তানি আয় নিশ্চিত হবে। তবে হোক্কাইডোর চাষিদের দাবি, কীটপতঙ্গ ও রোগের হুমকি মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।
হোক্কাইডো এগ্রিকালচারাল করপোরেশন অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, হোক্কাইডোর কৃষিকে রক্ষা করা মানে শুধু হোক্কাইডোকে রক্ষা করা নয়। এটি সেই উৎপাদন ভিত্তিকে রক্ষা করা যা ভবিষ্যতে জাপানের খাদ্য সরবরাহ নিশ্চিত করবে।
হোক্কাইডোর আলু চাষি নাওহিরো মাকিনো আসাহি শিমবুন দ্য গার্ডিয়ানকে বলেন, মার্কিন আলুর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত। একবার কীটপতঙ্গ ঢুকে পড়লে, আপনি এক দশকেরও বেশি সময় ধরে আলু চাষ করতে পারবেন না। আমাদের পূর্বপুরুষেরা যে কৃষিজমি রক্ষা করেছেন, তার স্বার্থে আমি (নিষেধাজ্ঞা তোলার) তীব্র বিরোধিতা করছি।
দৈনিক টার্গেট 
























