আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক সৈয়দ মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, দেশের অভ্যন্তরে আত্মসাৎ করা সম্পদ উদ্ধার এবং বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার প্রক্রিয়া এক নয়। বিদেশে সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট দেশের আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশে কোনো কাজ অপরাধ হিসেবে বিবেচিত হলেও সংশ্লিষ্ট বিদেশি দেশের আইনে তা অপরাধ না-ও হতে পারে। ফলে সম্পদ উদ্ধারে নানা আইনি জটিলতার মুখে পড়তে হয়।
ফরহানুল গণি চৌধুরী বলেন, স্টোলেন অ্যাসেট রিকভারিতে বাংলাদেশের আগে কোনো অভিজ্ঞতা ছিল না। ২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে টাস্কফোর্স গঠন করে আইনি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্পদ উদ্ধারের কৌশল হালনাগাদ করা হচ্ছে। এ জন্য আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে।
আরিফ হোসেন আরও বলেন, কয়েকটি গ্রুপ ব্যাংক থেকে ঋণ নিয়ে তার একটি অংশ বিদেশে পাচার করেছে। তবে পাচার হওয়া অর্থের একটি অংশ এখনো দেশে রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ব্যাংকগুলোর কঠোর নজরদারির কারণে নতুন করে অর্থ পাচারের সুযোগ সীমিত হয়েছে। পাশাপাশি কোনো ব্যক্তির অপরাধের দায় যেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর না পড়ে, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।
বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক মান অনুসরণ করে পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) আবেদন তৈরি করা হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে এসব আবেদন সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়। তবে একেক দেশের আইনি চাহিদা ও প্রক্রিয়া ভিন্ন হওয়ায় আবেদন তৈরিতে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
ফরহানুল গণি চৌধুরী বলেন, বাংলাদেশের আদালতের আদেশ বিদেশে সরাসরি কার্যকর করা যায় না। এমএলএ আবেদনের মাধ্যমে কয়েকটি দেশে পাচার হওয়া সম্পদ সাময়িকভাবে অবরুদ্ধ করা সম্ভব হয়েছে। তবে স্থায়ীভাবে সম্পদ জব্দ করতে হলে সংশ্লিষ্ট দেশের আইনেও অপরাধ প্রমাণ করতে হবে। অর্থাৎ যে কাজের মাধ্যমে অর্থ পাচার হয়েছে, তা বাংলাদেশ ও সংশ্লিষ্ট উভয় দেশের আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। আইনের এ নীতিকে ‘ডুয়াল ক্রিমিনালিটি’ বলা হয়।
উপদেষ্টা জানান, দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের আদালত বিদেশে থাকা কিছু সম্পদের বিষয়েও নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের মধ্যে প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অবরুদ্ধ করার তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে চূড়ান্ত আইনি প্রক্রিয়া এখনো চলমান।
ফরহানুল গণি চৌধুরী আরও বলেন, পাচার হওয়া সম্পদের তুলনায় বিদেশে অবরুদ্ধ সম্পদের পরিমাণ এখনো অপ্রতুল। তাই ফৌজদারি ও দেওয়ানি—দুই ধরনের আইনি প্রক্রিয়াতেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মামলার নথি পর্যালোচনা করা হচ্ছে। প্রথম পর্যায়ের কয়েকটি মামলার নথি পর্যালোচনা করে অন্তত দুটির কাগজপত্র সুসংগঠিত বলে ইতিবাচক মতামত পাওয়া গেছে।

দৈনিক টার্গেট 



























