২২ নভেম্বর ইউনিয়ন পরিষদের নিজ দপ্তরে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সচিব মৃণাল কান্তি স্থানীয় রিপন হোসেন নামে এক সেবাগ্রহীতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য সচিবকে তিন হাজার টাকা দাবি করতে শোনা যায়।
একপর্যায়ে সচিবকে বলতে শোনা যায়, তাঁকে টাকা দিতে হবে না। তিনি আবেদন করে দেবেন, সেবাগ্রহীতা নিজে উপজেলা থেকে কাগজ ছাড়িয়ে আনবেন। তখন রিপনকে বলতে শোনা যায়, তাঁর কোনো কাগজে ত্রুটি রয়েছে, তা দেখিয়ে দিতে। প্রয়োজনে তিনি ছয় হাজার টাকা দিতেও রাজি আছেন।
ভিডিওতে সচিবকে আরও বলতে শোনা যায়, পাসপোর্টের সঙ্গে মিল রেখে জন্মনিবন্ধন করাতে বেশি খরচ হয়। উপজেলা পর্যায়ে গেলে তিন হাজার টাকা লাগবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে গেলে আরও বেশি টাকা লাগবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সেবাগ্রহীতা রিপন হোসেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের পাশের এলাকার বাসিন্দা। তিনি তাঁর ভাইপোর পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্মনিবন্ধন ডিজিটাল করাতে সেদিন পরিষদে গিয়েছিলেন।
এদিকে, স্থানীয় লাউড়ি গ্রামের নাছিমা খাতুনের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মনিবন্ধনের বয়সের অসংগতি সংশোধন করতে তাঁর স্বামী মোর্শেদ আলমের কাছ থেকেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সচিবের বিরুদ্ধে।
মোর্শেদ আলমের অভিযোগ, তাঁর স্ত্রী নাছিমা খাতুনের জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছিল। পরে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে বয়সের পার্থক্য প্রায় তিন বছর। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের বয়স অনুযায়ী স্ত্রীর নতুন করে জন্মনিবন্ধন করতে প্রায় তিন মাস আগে শ্যামকুড় ইউনিয়ন পরিষদে যাই। তখন সচিব মৃণাল কান্তি প্রথমে ৫০০ টাকা চান। আমরা কাগজপত্রসহ ২৫০ টাকা দিয়ে কাজ শুরু করতে বলি। বাকি টাকা জন্মসনদ নেওয়ার সময় দিতে চেয়েছিলাম।’
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে জানানো হয়েছিল। চেয়ারম্যান ফোন করে সচিবকে অনুরোধ করলেও তিনি তা রাখেননি।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলমগীর হোসেনের উপস্থিতি অনিয়মিত। এ সুযোগে সচিব মৃণাল কান্তি স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। পরিষদে সেবা নিতে আসা মানুষের কাছ থেকে বিভিন্ন সেবার নামে সরকার বা পরিষদ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করছেন তিনি। এ ছাড়া নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হয়ে নিয়মিত বেলা ১১টা বা দুপুর ১২টার দিকে পরিষদে আসার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে সচিব মৃণাল কান্তি বলেন, ‘মোর্শেদের স্ত্রীর জন্মনিবন্ধন ঠিক করে দেওয়ার পর তিনি খুশি হয়ে আমাকে দুই হাজার টাকা বিকাশ করেছেন। আর রিপনের বাড়ি পরিষদের পাশে হওয়ায় সে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় অযৌক্তিক দাবি করে। সেগুলো পূরণ করতে না পারায় আমার কথার ভিডিও করে ফেসবুকে ছেড়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তানভীর হায়দার ইউএনওর পক্ষে জন্মনিবন্ধনের জটিলতা সমাধানের কাজ করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে সচিব মৃণাল কান্তি বলেন, জটিল জন্মনিবন্ধনের ক্ষেত্রে তানভীর হায়দার মোটা অঙ্কের টাকা দাবি করেন। কোনো কোনো ক্ষেত্রে আবেদনপ্রতি দুই হাজার টাকা পর্যন্ত নেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর হায়দার বলেন, ‘আমি কোনো টাকাপয়সা নিই না। সচিব আমার বিরুদ্ধে এ ধরনের কথা বলায় ইউএনও তাঁকে শোকজ করেছেন।’
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘জন্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য সচিবের অতিরিক্ত টাকা দাবি করার অনেক অভিযোগ আমার কাছে এসেছে। তাঁকে বহুবার সতর্ক করেছি, কিন্তু তিনি শোনেননি।’
তিনি আরও বলেন, ‘রিপনের ভাইপোর জন্মনিবন্ধনে পাসপোর্টের সঙ্গে ইংরেজি নামের মিল করার জন্য সচিব তিন হাজার টাকা দাবি করেছেন—এমন ভিডিও দেখে ভুক্তভোগীকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি। বিষয়টি আমি নিজেও ইউএনওকে জানিয়েছি। তিনি সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
চেয়ারম্যান আরও জানান, সচিবের চাকরির মেয়াদ ২০২৭ সালের এপ্রিলে শেষ হবে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও চাকরির মেয়াদ কম থাকায় তাঁকে অন্যত্র সরানো হচ্ছে না বলে তিনি মনে করেন।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, ‘শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিবের জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা চাওয়ার ভিডিও আমার নজরে এসেছে। এ অভিযোগে তাঁকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক টার্গেট 






















