এখানে গল্পটি শেষ হতে পারত; কিন্তু হয়নি। সেই তরুণ ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে আসেন। তাঁরা এক কর্মীকে বেদম প্রহার করেন এবং ভাঙচুর চালান। পুলিশ তাঁদের থামাতে ব্যর্থ হয়। হামলাকারী ওই ছাত্ররা তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে শনাক্ত করেছে পুলিশ ও রেস্তোরাঁকর্মীরা।
শিক্ষাপ্রতিষ্ঠান মানুষের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও দায়িত্বশীলতা তৈরি করার কথা। সেখানে ‘শিক্ষার্থী’ পরিচয় যদি কোনো কোনো ক্ষেত্রে দলবদ্ধ শক্তি প্রদর্শনের হাতিয়ার হয়ে এমন অসহিষ্ণু ঘটনার জন্ম দেয়; তবে তা শিক্ষার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। অবশ্য কয়েকজনের অপরাধের দায় পুরো ছাত্রসমাজের ওপর চাপানো যায় না। কিন্তু শিক্ষার্থী পরিচয়ের আড়ালে অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানেরও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।
সমাজে ইদানীং একটি বিপজ্জনক প্রবণতা লক্ষ করা যাচ্ছে, ব্যক্তিগত অসন্তোষের সমাধান খোঁজা হচ্ছে শক্তি প্রদর্শনের মাধ্যমে। কোথাও সামান্য কথা-কাটাকাটি, ব্যক্তিগত লেনদেনের দ্বন্দ্ব, এমনকি বিয়েবাড়ির খাবার নিয়ে তর্কযুদ্ধ; মুহূর্তেই তা দলবদ্ধ হামলা কিংবা ভাঙচুরে রূপ নিচ্ছে। যুক্তি, সংলাপ ও আইনি প্রতিকারের পথ ক্রমেই উপেক্ষিত হচ্ছে।
পুলিশ সদস্যরা ওই ছাত্রদের থামাতে পারেননি, ব্যাপারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার আশ্বাস পাওয়া গেছে, যা জরুরি। তবে অপরাধের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের সময় তা প্রতিরোধের সক্ষমতাও থাকতে হবে।
এই ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, তাঁদের আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক, সামাজিক কিংবা শিক্ষার্থী পরিচয় কোনোভাবেই দায়মুক্তির ঢাল হতে পারে না। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরিতে আরও দায়িত্বশীল হতে হবে। কারণ, একটি চেয়ার নিয়ে বিরোধ মিটিয়ে ফেলার মতো সামাজিক বোধ হারিয়ে গেলে, বড় কোনো বিরোধে আমরা কীভাবে সভ্য আচরণের প্রত্যাশা করব?
দৈনিক টার্গেট 






















