দেশে ফেরার প্রস্তুতিতে মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই নেতা এখন সীমিত পরিসরে পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎও করছেন।
দলীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা চান আসন্ন ঈদুল আজহার আগেই মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনা হোক। তবে তার দেশে ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থার ওপর। চিকিৎসা টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে।
গত ১১ মার্চ রাজধানীতে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে দ্রুত তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রথমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও পরবর্তীতে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, দ্রুত সুস্থ হয়ে মির্জা আব্বাস আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।
