আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিকেলে নুরুল ইসলাম নাহিদকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল এ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে বুধবার দিবাগত রাতে উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। রাত ২টা ২০ মিনিটের দিকে আটকের পর ৮১ বছরের বৃদ্ধ সাবেক এই মন্ত্রীকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার সময় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন, সাক্ষী ও আন্দোলনকারীরা সাদিকুলকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সাদিকুলের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
কারাগারে আটক রাখার আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি ছাত্র আন্দোলন দমনের সময় অর্থের জোগানদাতা এবং প্রত্যক্ষভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময় তাঁকে রিমান্ডে নেওয়া হতে পারে।
সিলেটে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দৈনিক টার্গেট 

























