পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় দুই হাজার পুলিশ সদস্য, এসআরবি, এপিবিএন ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছে। সব মিলিয়ে শহরের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। তবে প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। চলাফেরায় সাধারণ মানুষের মধ্যে সতর্কতা লক্ষ্য করা গেছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সড়কে বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এর আগে গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ ওঠে। দিনভর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।
এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। এ ছাড়া জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।
সব মিলিয়ে আজ গোপালগঞ্জের পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই শান্ত। জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।

দৈনিক টার্গেট 




















