দৈনিক টার্গেট

দেশের চেতনায়

যশোরে কৃষকের ধান পুড়ে ছাই

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে ভোররাতের অগ্নিকাণ্ডে এক কৃষকের সারা বছরের পরিশ্রম মুহূর্তে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধানে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

স্থানীয়দের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী হলেও সংসারের একটু বাড়তি আয়ের জন্য বন্ধক নেওয়া দশ কাঠা জমিতে ধান চাষ করেছিলেন। কাটা ধান শুকানোর উদ্দেশ্যে মাঠে রাখা ছিল। গভীর রাতে কে বা কারা ধানের গাঁদায় আগুন ধরিয়ে দিলে দ্রুত পুরো স্তূপ পুড়ে যায়।

কৃষক রাজু ভোরে মাঠে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়েন। তিনি বলেন, “যে ধান বিক্রি করে সারা বছরের খরচের একটা অংশ মেটানোর আশা ছিল, সেটাই আর রইল না। কে এটি করল জানি না, তবে পরিষ্কারভাবে ক্ষতি করার উদ্দেশ্যেই আগুন দেওয়া হয়েছে।”

রাজুর স্ত্রী জানান, স্বামী-স্ত্রী মিলে ধানের পরিচর্যা করেছেন। সন্তানদের পড়াশোনার ব্যয়ও ওই ধানের আয় থেকে চলত। হঠাৎ করে সব পুড়ে যাওয়ায় তারা এখন হতাশায় ভেঙে পড়েছেন।

স্থানীয় কয়েকজনের ধারণা, পূর্বের কোনো বিরোধ থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। তবে সুনির্দিষ্টভাবে এখনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ বলেন, “ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”