বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি বর্তমানে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাবিত দুর্যোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এককথায় পৃথিবী থেকে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমানোই মূল লক্ষ্য। কেননা কার্বনই বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ জন্য এসব সম্মেলনে আলোচনার উদ্দেশ্যই ছিল বিশ্বব্যাপী এমন একটি বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে ঐক্যবদ্ধ করা।
১৯৯৫ সাল থেকে জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। প্রথম থেকেই এ বিষয়টি বেশ জোরেশোরেই উচ্চারিত ও আলোচিত হয়ে আসছে। এমনকি পরবর্তী সময়ে প্যারিস সম্মেলনে বৈশ্বিক বায়ুমণ্ডলীয় তাপমাত্রা কোনোভাবেই যাতে এ শতাব্দী শেষে ২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না যায়, সে ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ সনদ ঘোষিত হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী বায়ুমণ্ডলের তাপমাত্রাকে কমিয়ে রাখতে আমরা ব্যর্থ হয়েছি।
এখনো বায়ুমণ্ডলের তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়নি, তবু তার প্রভাব হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। আর্থ সিস্টেম সায়েন্স ডেটা সাময়িকীতে সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সে নিবন্ধের গবেষণায় দেখা গেছে যে ২০২৫ সালে বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৩৯ শতাংশ বেশি ছিল, যার মধ্যে ১ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য দায়ী মানুষ। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, আর মাত্র চার-পাঁচ বছর পরই এই তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের যে সীমারেখার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তা স্পর্শ করবে। বিজ্ঞানীরা আশা করছেন, এই শতক শেষে হয়তো বায়ুমণ্ডলের তাপমাত্রা ২ দশমিক ৭ বা ৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে।
তাপমাত্রা বৃদ্ধির এই প্রতিটি ভগ্নাংশই গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা মাত্র প্রতি শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিপজ্জনক মাত্রায় গরমের ঝুঁকিতে পড়ে বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ, ঝুঁকিতে পড়ে খাদ্য উৎপাদন ও জীববৈচিত্র্য। ইতিমধ্যে চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর তাপমাত্রা ১ ডিগ্রি বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭ শতাংশের বেশি বেড়ে যায়। যার ফলে বাড়ে ঝড়-বৃষ্টি, দুর্যোগ। এ অবস্থার জন্য আমরাই দায়ী, বলছেন বিজ্ঞানীরা। অতএব এর পরিণতিও আমাদেরই ভোগ করতে হবে, সঙ্গে মরবে পৃথিবীর বুকে বাস করা আরও অনেক নিরীহ জীব। আর একটি গণবিলুপ্তি কি আসন্ন? সে অবস্থার কথা ভাবাই যায় না!
কোন দেশ বা কোন দেশের মানুষেরা এ অবস্থা সৃষ্টির জন্য বেশি দায়ী, তা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ এক অদ্ভুত বৈপরীত্যের মধ্যে রয়েছে। বাংলাদেশ থেকে ন্যূনতম গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়, অথচ বাংলাদেশসহ নেপাল, মালদ্বীপ ও প্রশান্ত মহাসাগরীয় ছোট ছোট দ্বীপ রয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিশ্বব্যাংকের ২০২২ সালের ‘বাংলাদেশ কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট’ অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে গড়ে বছরে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়। একই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী তিন দশকে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে পারে। এখানেই উঠে আসে জলবায়ু ন্যায্যতার বিষয়টি।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা এবং কার্যকর প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। শুধু সিদ্ধান্ত গ্রহণই যথেষ্ট নয়, দরকার কার্যকর বাস্তবায়ন। প্রতিটি দেশের মানুষই প্রত্যক্ষ করতে চায় যে আসলে জলবায়ু সম্মেলন করে কী লাভ হচ্ছে? এসব সম্মেলনের পর কি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমেছে? খরা-বৃষ্টিতে কি ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে না? দুর্যোগ, নদীভাঙন, খরা, দাবানল ইত্যাদি কারণে মানুষের বাস্তুচ্যুতি কি কমেছে? জমিতে লবণ পানির অনুপ্রবেশ কি কমেছে? প্রতিটি ঘূর্ণিঝড়ের পর মানুষের যে সম্পদ, জীবন, রাস্তাঘাট, জলাশয় ও পরিবেশের যে ক্ষতি হয়, সেসব দীর্ঘমেয়াদি ক্ষতি কে পূরণ করবে? তাই এ সম্মেলন থেকে বাংলাদেশ আশা করে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন কাজে অর্থায়ন বাড়ানো এবং ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহজ শর্তে দ্রুত অর্থছাড় নিশ্চিত করার ব্যবস্থা করা। বাংলাদেশ কোনো ঋণের বোঝা টানতে চায় না। তাই জলবায়ু পরিবর্তনের এসব ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য কোনো ঋণ নয়, বাংলাদেশ চায় অনুদান। উন্নত দেশগুলোর দায়ের জায়গা থেকেই তার ব্যবস্থা করা উচিত। উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাকবলিত এলাকার মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য কার্যকর প্রযুক্তি হস্তান্তর এবং বিকল্প কর্মসংস্থান, সামাজিক সুরক্ষাসহ একটি ন্যায্য রূপান্তরের দাবিও রয়েছে বাংলাদেশের। বাংলাদেশও জলবায়ু পরিবর্তনে কার্বন নির্গমন কমানোয় প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে বাংলাদেশ তার হালনাগাদ পরিকল্পনা অনুযায়ী ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি প্রণয়ন করেছে। বাংলাদেশ ২০২৫ সালের সেপ্টেম্বরে তার ‘তৃতীয় এনডিসি বা এনডিসি ৩.০’ জমা দিয়েছে। প্যারিস চুক্তির পর প্রতিটি দেশ নিজস্ব সক্ষমতা অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য এ রকম পরিকল্পনা করেছে।
‘এনডিসি ৩.০’ অনুযায়ী এতে ২০৩৫ সালের মধ্যে অতিরিক্ত কোনো ব্যবস্থা না নিলে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হতো, তার তুলনায় মোট ২০ দশমিক ৩১ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ দশমিক ৩৯ শতাংশ নিজস্ব সক্ষমতায় ও অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার ওপর নির্ভরশীল। এই পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক ১১৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যার বড় অংশ আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভর করবে। বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করেছে। উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি দিলেও প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি ছাড়া সেগুলো বাস্তবায়ন করা কঠিন। শুধু তহবিল বা অর্থই নয়, সেই সঙ্গে দরকার প্রযুক্তি ও পরিকল্পনা বাস্তবায়নে নিজস্ব দক্ষতা অর্জনে সহায়তা। অর্থপ্রাপ্তি কীভাবে সহজ ও যৌক্তিক হবে, তা নিয়ে কাজ করতে হবে। প্রাপ্ত অর্থের দক্ষ ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। সরকার ইতিমধ্যে বৃক্ষরোপণ, নদী ও খাল খনন, বন ও জলাভূমি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, সবুজ কর্মসংস্থান ইত্যাদি উদ্যোগ গ্রহণ করেছে। এগুলোর যথাযথ বাস্তবায়ন দরকার।
জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কোনো ভৌগোলিক সীমারেখা নেই। তাই আমরা ভালো কাজ করলেও তার সুফল শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আবার অন্য দেশের মানুষ খারাপ কাজ করলে তার প্রভাবও পড়বে আমাদের ওপর। তাই বিশ্বব্যাপী দরকার সম্মিলিত প্রয়াস ও পদক্ষেপ। জলবায়ু সম্মেলন যেন শুধু সিদ্ধান্তগ্রহণ ও সনদ ঘোষণার জায়গা না হয়, জলবায়ু পরিবর্তনে প্রকৃত ক্ষতিগ্রস্ত দেশসমূহ যাতে তার পরিবেশ-প্রকৃতি ও মানুষের জীবন বাঁচাতে পারে, তা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগও বাংলাদেশকে নিতে হবে। তাহলেই এসব সম্মেলনের সার্থকতা আসবে। এ সম্মেলন বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের অংশগ্রহণ ও লাভ প্রধানত আন্তর্জাতিক সহযোগিতা, তহবিলপ্রাপ্তি এবং কৌশলগত দর-কষাকষিতে। সে হিস্যা বুঝে নেওয়াই হবে বাংলাদেশের উচিত কাজ।
লেখক: কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ

দৈনিক টার্গেট 




















