উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়া শার্প, যার প্রথম জন্মদিন হতে আর মাত্র কয়েক দিন বাকি। মাটির নিচ থেকে শিশুটির চাপা কান্নার শব্দ শুনতে পেয়ে গোয়েন্দারা দ্রুত ও সতর্কতার সঙ্গে মাটি খুঁড়ে তাকে জীবিত দেখে বিস্মিত হয়ে পড়েন।
এই ঘটনায় শিশুটির বাবা ২৫ বছর বয়সী মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, শিশুর প্রতি বেআইনি আচরণ, অভিভাবকত্বে হস্তক্ষেপ এবং অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, শিশু কোয়া শার্প এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের কোলে সন্তানকে ফিরে পাওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিশুটির ২৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা মা ডেজারে শার্প।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এমন ঘটনা কেবল সিনেমা বা টিভিতেই দেখা যায়। আমার ছেলের সঙ্গে এমনটা ঘটতে পারে, তা আমি কল্পনাও করিনি।’
সাবেক প্রেমিক মাইকেল কোমারের প্রসঙ্গে তিনি বলেন, ‘সে যে এতটা নিচে নামতে পারে, তা আমার ধারণায় ছিল না।’
আদালতের নথিপত্র, বার্তা এবং পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, মাইকেল কোমার দীর্ঘদিন ধরে মদ্যপান এবং সিজোফ্রেনিয়া (মানসিক রোগ) জনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি নিয়মিত ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন এবং সাবেক প্রেমিকা ও সন্তানের কাছ থেকে আলাদা থাকার বিষয়ে হতাশ ছিলেন।
২০২৪ সালের আগস্টে ডেজারে শার্প ও মাইকেল কোমারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ডিসেম্বরে কোয়ার জন্ম হয়। তবে চলতি বছরের মে মাসে একটি পারিবারিক কলহের জেরে ডেজারে শার্পকে ধাক্কা দেওয়ার ঘটনায় কোমারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা হয়। এরপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
পরবর্তীতে অন্য একটি মারামারির ঘটনায় কয়েক মাস জেল খেটে বের হওয়ার পর কোমার তাঁর মা প্যাট্রিসিয়া কোমারের সঙ্গে বসবাস শুরু করেন। মায়ের আশ্বাসে ডেজারে শার্প সপ্তাহান্তে বাবার সঙ্গে কোয়াকে সময় কাটানোর অনুমতি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ডেজারে শার্প দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন জানার পর কোমারের মধ্যে ঈর্ষা ও সন্তানের অভিভাবকত্ব নিয়ে অস্থিরতা বাড়তে থাকে।
গত ৯ নভেম্বর সপ্তাহান্তের সাক্ষাৎ শেষে কোয়াকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও কোমার তা করেননি। সেদিন সকালে কোমার তাঁর বিচ্ছিন্ন থাকা বাবা জন কোমারকে ফোন করে জানান, সন্তানের দেখাশোনা নিয়ে তাঁর মা ও সাবেক প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছে এবং তাঁর থাকার জায়গা প্রয়োজন। জন কোমার নাতিসহ ছেলেকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসেন এবং পরে কাজে চলে যান।
বিকেলে শেরিফের দপ্তর থেকে ফোন পেয়ে জন কোমার জানতে পারেন তাঁর ছেলে ও নাতি নিখোঁজ। সেদিন রাতেই একটি পুরোনো ভবনের কাছ থেকে মদ্যপ অবস্থায় মাইকেল কোমারকে আটক করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তাদের মতে, জিজ্ঞাসাবাদে কোমারের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
সিসিটিভি ফুটেজ এবং সময়ের হিসাব মিলিয়ে গোয়েন্দারা জন কোমারের বাড়ির আশপাশের বনাঞ্চলে তল্লাশি চালান। ১০ নভেম্বর একটি জায়গায় আলগা মাটি দেখে প্রশিক্ষিত কুকুর সংকেত দিলে উদ্ধারকারীরা খনন শুরু করেন এবং মাটির নিচ থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। কপালে সামান্য আঁচড় লাগলেও শিশুটি প্রাণে বেঁচে যায়।
হাসপাতালে সন্তানকে ফিরে পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে ডেজারে শার্প বলেন, ‘আমি ভীষণ ক্লান্ত, কিন্তু সে যে বেঁচে আছে এটাই আমার সবচেয়ে বড় শান্তি।’

দৈনিক টার্গেট 





















